ব্রেন টিউমারের বিরুদ্ধে লড়াই শেষে সুস্থ হয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৯:৩৩
ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই ও অস্ত্রোপচারের জটিল সময় পার করে অবশেষে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভক্তদের সামনে ফিরেছেন। অস্ত্রোপচারের পর দীর্ঘ নীরবতা ভেঙে বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে হঠাৎই ফেসবুক লাইভে হাজির হন তিনি। দুর্বল শরীরের মধ্যেও কণ্ঠে ছিল লড়াই করে ফিরে আসার দৃঢ়তা।
লাইভে এসে তানিয়া বৃষ্টি নিজের বর্তমান শারীরিক অবস্থা, অস্ত্রোপচারের অভিজ্ঞতা এবং মানসিক সংগ্রামের কথা খুলে বলেন। তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সাধারণত এ ধরনের অস্ত্রোপচারে ছয়-আট ঘণ্টা সময় লাগে, তবে তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয়েছে।
অস্ত্রোপচারের পর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই তিনি তার মাকে খুঁজেছেন। তানিয়া বৃষ্টির ভাষায়,
“চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।”
অস্ত্রোপচারের পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি বাসায় ফিরেছেন। বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন এবং আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এই অভিনেত্রীর অসুস্থতা নিয়ে আগে গুজবও ছড়ানো হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন,
“আমার অসুস্থতা নিয়ে অনেক ধরনের সংবাদ হয়েছে। অনেকে জিজ্ঞাসা না করেই বলেছেন, আমি মারা গেছি বা কোমায় আছি। এসব কারণে আমি নিজে থেকে ইচ্ছা করেই কিছু বলতে চাইনি।”
ওষুধ সেবনের কারণে তার ওজন কিছুটা বেড়ে গেছে, তবে সুস্থ হয়ে ব্যায়াম করে ফিট হয়ে ওঠার পরিকল্পনা রয়েছে। তানিয়া বৃষ্টি বলেন,
“এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ের কাজে ফিরতে চাই।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।