শাশুড়ির শেষকৃত্য নিয়ে ভ্লগ বানিয়ে বিপাকে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১৫:৩৫
শোকের মুহূর্ত সাধারণত নীরবতা ও অশ্রুতে ভরা থাকে। কিন্তু সেই সময়েই ক্যামেরা চালু করে পুরো ঘটনাটি ধারণ করে তা প্রকাশ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় নারী মহুয়া গঙ্গোপাধ্যায়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘প্রবাসে ঘরকন্না’ নামের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি পাতার মাধ্যমে পরিচিতি পাওয়া এই নারীর এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন অনেক নেটিজেন। শাশুড়ির মৃত্যু ও শেষকৃত্যের দৃশ্য ধারণ করে প্রকাশ করাকে অনেকেই কেবল অর্থ উপার্জনের লোভ বলেও মন্তব্য করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করলেও নিয়মিত জীবনধারাভিত্তিক ভিডিও তৈরি করে অনুসারীদের কাছে পরিচিত হয়ে ওঠেন মহুয়া গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তার শাশুড়ির মৃত্যু হলে তিনি জরুরি ভিত্তিতে বিদেশ থেকে ভারতে ফিরে আসেন।
তবে পরিবারের এমন কঠিন সময়েও তিনি ক্যামেরা বন্ধ রাখেননি। দুই দিন আগে তার চ্যানেলে শাশুড়ির মরদেহ, তার সামনে বসে কান্নাকাটি এবং শেষযাত্রার বিভিন্ন দৃশ্যসহ একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র সমালোচনা।
ভিডিওটির নিচে মন্তব্য করে অনেক অনুসারী তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, দর্শক ও অর্থের জন্য মৃত মানুষকে ব্যবহার করা অত্যন্ত লজ্জাজনক। আবার কেউ বলেছেন, শোকাহত পরিবারের সদস্যদের সামনে ক্যামেরা ধরাটা সংবেদনশীলতার অভাবের পরিচয়।
সামাজিক মাধ্যমে অনেকেই মনে করছেন, ব্যক্তিগত শোকের বিষয়গুলো আড়ালেই রাখা উচিত ছিল। তবে এ বিষয়ে মহুয়া গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।