হামলার আশঙ্কায় মাটির নিচে বাঙ্কারে বিয়ে করলেন ইসরায়েলি যুগল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১২:২০
যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আতঙ্কে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতেও পূর্বনির্ধারিত তারিখে বিয়ে বাতিল না করে ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্রে বিয়ের আয়োজন করেছেন এক ইসরায়েলি যুগল।
জানা যায়, লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ মূলত পেতাহ টিকভা শহরে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন। তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে শেষ পর্যন্ত সেই স্থান বাতিল করতে হয়। পরে একই তারিখে তেল আবিবের একটি বিপণিবিতানের পার্কিং এলাকায়, যা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়, সেখানে বিয়ের আয়োজন করা হয়।
খবর পাওয়া গেছে, মারিয়ানোফের পরিবারের সদস্যরা আর্জেন্টিনা থেকে বিয়েতে অংশ নিতে এসেছিলেন। তাই আর বিয়ের তারিখ পিছিয়ে দিতে চাননি নবদম্পতি। অল্প সময়ের মধ্যেই বন্ধু ও স্বজনদের নতুন স্থানের কথা জানিয়ে দেন তারা।
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি আরও অনেক ইসরায়েলি উপস্থিত ছিলেন। তারা সপ্তাহজুড়ে ওই আশ্রয়কেন্দ্রকে নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করছিলেন।
অনুষ্ঠানে মারিয়ানোফ জানান, উপস্থিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ ছিলেন তাদের পরিবার ও ঘনিষ্ঠজন। বাকিরা ছিলেন আশ্রয়কেন্দ্রে থাকা সাধারণ মানুষ, যারা আনন্দের সঙ্গে তাদের বিয়ের মুহূর্ত উদযাপন করেছেন।
তিনি বলেন, মানুষ শুধু তাদের আনন্দে শরিক হতে এবং শুভেচ্ছা জানাতে এসেছিলেন। পুরো ঘটনাটি ছিল আবেগঘন ও ব্যতিক্রমী এক অভিজ্ঞতা।
ল্যাসরি বলেন, সব প্রতিকূলতার মধ্যেও তারা বিয়েটি সম্পন্ন করতে পেরেছেন। অনুষ্ঠানটি ছিল আবেগপূর্ণ ও আনন্দময়। আর্জেন্টিনা থেকে আসা পরিবার ও বন্ধুদের সঙ্গে এই মুহূর্ত উদযাপন করতে পেরে তারা আনন্দিত।
এর আগে যুদ্ধ শুরুর পর থেকে দীর্ঘদিন ধরে পরিকল্পিত বিয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রেই বিয়ের আয়োজন করে আনন্দ ভাগাভাগি করেন নবদম্পতি।
এদিকে বিয়ের সময় তেল আবিবে কয়েকবার সতর্কতামূলক সাইরেন বাজলেও আশ্রয়কেন্দ্রের নিরাপদ পরিবেশে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করেন তারা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।