শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

যুদ্ধের মধ্যেই ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১২:৪৮

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই ইসরাইলের কাছে প্রায় ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদনের কথা জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইসরাইল সরকারের কাছে দ্রুত অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, এ অস্ত্র সহায়তার প্যাকেজে শক্তিশালী বিমান থেকে নিক্ষেপযোগ্য বোমা ছাড়াও সরবরাহ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন করবে এবং অঞ্চলে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ইসরাইলের নিরাপত্তা জোরদার করতে সহায়তা করবে।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। একই সময়ে ইসরাইলও ইরানের বিভিন্ন স্থানে পৃথক সামরিক অভিযান শুরু করে।

এর জবাবে ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ সংঘাতে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top