যেসব দেশের জন্য হরমুজ প্রণালী উন্মক্ত করে দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৩:৪৯
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই কঠোর অবস্থানের কথা জানিয়েছে।
শনিবার (৬ মার্চ) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
হায়দারি বলেন, ওয়াশিংটন বা তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা নেই—এমন দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। তবে পশ্চিমা দেশ ও তাদের সহযোগীদের জন্য হরমুজ প্রণালী কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের প্রায় ২০ শতাংশই পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী এই হরমুজ প্রণালী দিয়ে সম্পন্ন হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির প্রধান পথ হওয়ায় একে বিশ্ব অর্থনীতির ‘জ্বালানি প্রবেশদ্বার’ হিসেবেও বিবেচনা করা হয়।
বিশ্লেষকদের মতে, এই গুরুত্বপূর্ণ রুট বন্ধ হয়ে গেলে পশ্চিমা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই রুটে চলাচলকারী জাহাজগুলোর ক্রুদের সতর্কবার্তা দিয়ে আসছিল আইআরজিসি।
এদিকে ব্রিটিশ নৌ-নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, গত এক সপ্তাহে ওই এলাকায় অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।