ব্যারাক ছেড়ে পালিয়েছেন ইরানি কমান্ডাররা, বিপজ্জনক পরিস্থিতিতে সেনারা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৩:৫৩
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় গত শনিবার নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা। খামেনির মৃত্যুর পর থেকেই ইরানের সেনাবাহিনীর ভেতরে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
ইরানের কয়েকজন সেনা সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, সশস্ত্র বাহিনীর কিছু কর্মকর্তা নিজেদের ব্যারাক ছেড়ে চলে গেছেন। তারা অধীনস্থ সেনাদের পাহারার দায়িত্বে রেখে হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন।
সেনা সদস্যরা জানান, খামেনি নিহত হওয়ার পর থেকে বাহিনীর ভেতরে নির্দেশনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের লোরেস্তান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে অবস্থানরত কয়েকজন সেনা বলেন, তারা এখন কে নির্দেশ দেবে তা নিয়ে দোটানায় রয়েছেন এবং নিরাপত্তা পরিস্থিতিও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।
একজন ইরানি সেনা বলেন, অনেক কমান্ডার ভয়ে ও হামলার আশঙ্কায় ব্যারাক ত্যাগ করেছেন। কোনো ধরনের সহায়তা ছাড়াই তারা সাধারণ সেনাদের ফেলে রেখে চলে গেছেন।
এদিকে কয়েকজন সেনা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আতঙ্কে অনেক সেনা সদস্য ঘাঁটির বাইরে রাত কাটাচ্ছেন। তাদের অভিযোগ, দেশের নেতৃত্ব সাধারণ সেনাদের প্রয়োজনীয় সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সম্পূর্ণভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। সর্বশেষ এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের ওপর রাতেই বড় ধরনের বোমা হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।