ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, মাসুদ পেজেশকিয়ানের কড়া বার্তা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৫:৩২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কোনো পরিস্থিতিতেই ইরান আত্মসমর্পণ করবে না।
শনিবার দেওয়া এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে—এমন স্বপ্ন যারা দেখছে, সেই স্বপ্ন শেষ পর্যন্ত কবরে চলে যাবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে শর্তহীনভাবে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, তা না হলে যুদ্ধ চলতেই থাকবে। তার ওই বক্তব্যের পরপরই তেহরানের পক্ষ থেকে এ কঠোর প্রতিক্রিয়া আসে।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইরানকে ঘিরে কঠোর বার্তা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বৃহৎ বোমাবর্ষণ কর্মসূচি পরিচালনার প্রস্তুতি রয়েছে।
তার দাবি, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এসব স্থাপনাকে উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ড্যান কেইন জানান, যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার তথ্য অনুযায়ী, শুরু থেকেই এ হার প্রায় ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে এবং পরে আরও কমেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।