শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

রাশিয়া ও চীনের সমর্থন নিয়ে মুখ খুললেন ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৬:৫৫

সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়া ও চীন ইরানকে রাজনৈতিকভাবে এবং অন্যান্য উপায়ে সমর্থন করছে। তবে তিনি বিস্তারিতভাবে বলেননি, এই সমর্থনের মধ্যে সামরিক সহায়তা রয়েছে কি না।

আরাগচি বলেন, “তারা আমাদের রাজনৈতিকভাবে এবং অন্যভাবেও সমর্থন করছে। তবে যুদ্ধ চলাকালীন সময়ে অন্যান্য দেশের সঙ্গে আমাদের সহযোগিতার বিস্তারিত প্রকাশ করা ঠিক হবে না।” তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার শব্দ তিনি নিজেও শুনেছেন, তবে এতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই।

এদিকে, ইরান আবারও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন পাঠিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, এই ধরনের হামলা অব্যাহত থাকবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেনাবাহিনীর স্থলবাহিনীর বিভিন্ন ধ্বংসাত্মক ড্রোন কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। দাবি করা হয়েছে, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে এবং আগামী ঘণ্টাগুলিতেও এই হামলা চলবে।

এছাড়া, ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভুলেশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিসহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর, হাইফা ও তেল আবিবসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তবে এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top