মুক্তি পেলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১০:০২
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে জিজ্ঞাসাবাদ শেষে ১২ দিন পর হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৫ সালের প্রাণঘাতী দমন-পীড়নে ভূমিকার অভিযোগে তাদের আটক করা হয়েছিল। গত ২৮ মার্চ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দায়িত্ব গ্রহণের একদিন পরই এই দুই নেতাকে গ্রেফতার করা হয়।
কাঠমান্ডু পুলিশের মুখপাত্র পাওয়ান কুমার ভট্টারাই জানান, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী—উভয়কেই শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তাদের আবারও পুলিশে হাজির হতে হবে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে উভয়েই সহিংসতার অভিযোগ অস্বীকার করেছেন। মুক্তির পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে একটি তদন্ত কমিশন সুপারিশ করেছিল, সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কমিশনের মতে, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো থেকে নিরাপত্তা বাহিনীকে বিরত রাখতে ব্যর্থ হওয়া ছিল গুরুতর অবহেলা। তাদের অজ্ঞতার দাবি ‘অপরাধমূলক অবহেলা’ হিসেবে বিবেচিত হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
৭৪ বছর বয়সী ওলিকে গ্রেফতারের পর হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, এটি ছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। তিনি হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছেন।
গ্রেফতারের পর তাদের স্ত্রীদের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে আবেদন করা হলেও তা খারিজ করা হয়। তবে আদালত দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে।
এদিকে, ওলির দল এই গ্রেফতারকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে রাজধানী কাঠমান্ডুতে যুব নেতৃত্বাধীন আন্দোলন শুরু হয়। শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হলেও পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের ক্ষোভ এতে নতুন মাত্রা যোগ করে।
বিক্ষোভের একপর্যায়ে পার্লামেন্ট ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়, যার ফলে শেষ পর্যন্ত সরকার পতন ঘটে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।