মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার করল চীনা তেলবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:০৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে একটি তেলবাহী জাহাজ মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা ওয়াশিংটনের ঘোষিত নৌ-অবরোধের কার্যকারিতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে।

শিপিং তথ্য প্রদানকারী সংস্থা এলএসইজি-এর তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, ‘রিচ স্টারি’ নামের এই ট্যাঙ্কারটি চীনের মালিকানাধীন এবং এতে চীনা ক্রু অবস্থান করছেন।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, মাঝারি পাল্লার এই ট্যাঙ্কারটি আগে ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল। ইরানের জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র এটিকে কালো তালিকাভুক্ত করে। তবে সর্বশেষ যাত্রায় এটি হরমুজ প্রণালি পার হওয়ার আগে ইরানি বন্দরে ভিড়েছিল কি না বা এতে কোনো পণ্য ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পারস্য উপসাগর থেকে বের হওয়ার জন্য ট্যাঙ্কারটি গত ২৪ ঘণ্টায় দুইবার চেষ্টা চালায়। সোমবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কার্যকর হওয়ার পরপরই এটি ইরানের কেশম দ্বীপের কাছে সংকীর্ণ জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করে ফিরে আসে। কয়েক ঘণ্টা পর জাহাজটি আবার যাত্রা শুরু করে এবং বার্তা আদান-প্রদানের মাধ্যমে জানায়, এর মালিক ও ক্রু উভয়ই চীনা নাগরিক।

সমুদ্র চলাচলের ক্ষেত্রে এ ধরনের বার্তা সাধারণ নিরাপত্তা কৌশল হিসেবে ব্যবহার করা হলেও বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ চীনের সঙ্গে যুক্ত কোনো জাহাজকে যুক্তরাষ্ট্র সরাসরি চ্যালেঞ্জ জানাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে ইরানের ওপর এই নৌ-অবরোধ ঘোষণা করার পর থেকেই বৈশ্বিক শিপিং খাত ও জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অবরোধের বিস্তারিত নীতিমালা এখনো স্পষ্ট না হওয়ায় অনেক প্রতিষ্ঠান সিদ্ধান্তহীনতায় ভুগছে।

বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম-কানুন পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখছে। মূলত ইরানের তেল রপ্তানি সক্ষমতা সীমিত করাই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের উদ্দেশ্য।

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে চীনা জাহাজের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

যদি যুক্তরাষ্ট্র এই জাহাজ আটকানোর চেষ্টা করে, তবে তা চীনের সঙ্গে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। আর যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে অবরোধের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠবে। ফলে আন্তর্জাতিক মহল এখন হরমুজ প্রণালির পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। সূত্র: দ্য গার্ডিয়ান

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top