যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা আলোচনায় রাজি হয়নি ইরান, বাড়ছে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ২০:৫৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় বসতে এখনও সম্মতি দেয়নি ইরান। দেশটির এই অবস্থান ইতোমধ্যে পাকিস্তানের মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ অবরোধ এবং ওয়াশিংটনের ‘অতিরিক্ত দাবি’র কারণেই নতুন করে আলোচনায় যেতে অনাগ্রহ দেখাচ্ছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে, এসব অতিরিক্ত শর্ত প্রত্যাহার না হলে তারা দীর্ঘসূত্রতা ও ফলহীন আলোচনায় সময় নষ্ট করতে চায় না।
এদিকে, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ‘সমুদ্রদস্যুতা’র শামিল। এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত প্রণালীটি বন্ধই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
ইরানের প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ আবারও তাদের হাতে নেওয়া হয়েছে এবং আগের মতোই সামরিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।
এই পরিস্থিতিতে বৈশ্বিক তেল বাজার, সামুদ্রিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে কড়াকড়ি আরোপের কারণে।
এর আগে, লেবানন পরিস্থিতিকে কেন্দ্র করে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে শুক্রবার বিকালে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সাময়িকভাবে উন্মুক্ত ঘোষণা করেছিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় সে তথ্য নিশ্চিত করেছিলেন। সূত্র: তাসনিম নিউজ
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।