শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

মুর্শিদাবাদে ভোটের দিনেই সংঘর্ষ, উত্তপ্ত প্রথম দফা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ঘিরে শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই তৃণমূল কংগ্রেস ও হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবনগর এলাকায় একটি ভোটকেন্দ্রের কাছেই বোমা হামলার ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষই একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তৃণমূলের দাবি, আম জনতা উন্নয়ন পার্টির কর্মীরাই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

এদিকে হুমায়ুন কবীর এলাকায় পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। নওদা থানার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে তৃণমূলের কর্মী-সমর্থকেরা ‘গো ব্যাক’ স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হুমায়ুন কবীর সড়কের মাঝেই অবস্থান কর্মসূচি পালন করেন।

পরবর্তীতে এলাকা ত্যাগের চেষ্টা করলে তার ওপর হামলার অভিযোগ ওঠে। তার গাড়ির সামনে বাঁশ ফেলে আটকে দেওয়ার চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়েছে। এছাড়া তার কনভয়ের গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টের গাড়িতে ইট নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। তাদের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন হুমায়ুন কবীর।

অন্যদিকে, মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে সিপিআই (এম) ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হন। এর জেরে ২১৭ নম্বর বুথে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়েন সাধারণ ভোটাররা।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাইকিং করে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানায় এবং নিরাপত্তার আশ্বাস দেয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ডিসেম্বর ভরতপুর কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেন।

সূত্র: বিবিসি বাংলা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top