বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

হরমুজে জাহাজ চলাচল কমেছে ৯৫ শতাংশ, বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৫৬

ছবি: সংগৃহীত

ইরানের বাধার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে ৫ শতাংশেরও কম জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের অবরোধ শুরুর পর থেকে প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯৫ দশমিক ৩ শতাংশ।

একই সময়ে বৈশ্বিক বাজারেও এর প্রভাব পড়েছে। খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ এবং ইউরোপে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫৩ শতাংশ।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন বৈশ্বিক তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হতো।

মার্চের শুরু থেকেই এই জলপথে চলাচল ব্যাহত হতে থাকে। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে বিরতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরে যাওয়া-আসা করা সব জাহাজের ওপর অবরোধ আরোপ করেছেন। অপরদিকে তেহরানও নিজেদের অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমকারী জাহাজে বাধা ও হয়রানি চালিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top