মার্কিন বাহিনীর 'কবরস্থান' হবে হরমুজ প্রণালী: ইরানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৫:৪৬
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার এক শীর্ষ সামরিক উপদেষ্টা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এই গুরুত্বপূর্ণ জলপথই মার্কিন বাহিনীর জন্য ‘কবরস্থানে’ পরিণত হতে পারে।
রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের এক গুরুত্বপূর্ণ পরিষদের সদস্য এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজায়ী বলেন, বিশ্বের একমাত্র যুক্তরাষ্ট্রই এমন শক্তি, যাদের হাতে বিমানবাহী রণতরী রয়েছে এবং তারা তা ব্যবহার করছে দস্যুতার মতো আচরণে। তিনি হুঁশিয়ার করে জানান, উত্তেজনা বাড়লে এসব রণতরী ধ্বংসের মুখে পড়তে পারে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালাতে গিয়ে তাদের বাহিনী দস্যুর মতো আচরণ করছে। গত মাসে তিনি হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ দেন। বিশ্বে মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এর গুরুত্ব অত্যন্ত বেশি।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে চলাচলে কিছু সীমাবদ্ধতা আরোপ করে ইরান। এদিকে ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হলেও তা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
ইরানের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী কখনোই যুক্তরাষ্ট্রকে এই নৌ অবরোধ বাস্তবায়নে সফল হতে দেবে না। তাদের হাতে এমন সামরিক সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে এই অবরোধের মোকাবিলা করা সম্ভব।
মোহসেন রেজায়ী আরও বলেন, অতীতে যেমন ইসফাহানে শত্রুপক্ষের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে, ঠিক তেমনভাবেই হরমুজ প্রণালিতে মার্কিন রণতরী ও বাহিনীর জন্যও একই পরিণতি অপেক্ষা করতে পারে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।