যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিশ্ববিদ্যালয় এলাকাকে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে ইরান সরকার। দেশটির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত অংশ সংরক্ষণ করে তা যুদ্ধের স্মারক হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রধান জাফরুল্লাহ কালান্তারি জানান, হামলায় বিধ্বস্ত অংশকে “যুদ্ধ জাদুঘর” হিসেবে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে দেশের ইতিহাসে বৈজ্ঞানিক অবকাঠামোর ওপর আঘাতের একটি প্রামাণ্য দলিল তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন ভবন নির্মাণ ও আধুনিক সরঞ্জাম স্থাপনের জন্য আলাদা জমি বরাদ্দ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টির অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় এক কোটি ১০ লাখ মার্কিন ডলার।
উল্লেখ্য, গত মার্চে চলমান সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইসফাহানের এই বিশ্ববিদ্যালয়টি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে রাজধানী তেহরানসহ দেশজুড়ে ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়, আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাও ক্ষতির মুখে পড়ে।
এরপর গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়।
সূত্র: বাসস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।