মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

মির্জাপুরে কারাগারে আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:১১

সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে কারাগারে আটক থাকা নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে যুক্ত আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া মারা গেছেন। বুধবার রাতে টাঙ্গাইল জেলা কারাগারে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলার মুহাম্মদ জাহেদুল আলম।

গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

গত বছরের ৪ আগস্ট ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে লালবাড়ি গ্রামের তরুণ হিমেলের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০–৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “টাঙ্গাইল কারাগারে হাজতির মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষই লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top