মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ২০:০৩

সংগৃহীত

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রথম দফার সংঘর্ষের পর বিকেলেও আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

ঘটনার কারণে কলেজের অভ্যন্তরীণ ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, কলেজের দেয়ালে লেখা একটি গ্রাফিতিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। সেখানে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। সোমবার রাতে ছাত্রদলের একাংশ ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ শব্দটি লিখে দিলে এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন জানান, সকালে গ্রাফিতি পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপুর ১২টার পর ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়।

তবে বিকেল ৪টার দিকে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং কলেজের সামনে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি সামাল দিতে তাদের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top