স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নিরাপদ অভিবাসনে জোর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ২১:০৮
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইউরোপীয় জোটের দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে।
তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা প্রবাস আয় পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ কারণে ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত বলেন, ইতালি বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা এবং তা আরও সম্প্রসারণে আগ্রহী। তিনি জানান, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। অভিবাসন বিষয়টি দেশটির অগ্রাধিকার তালিকায় রয়েছে।
তিনি আরও জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এই নীতি বাস্তবায়িত হলে নিরাপদ অভিবাসন নিশ্চিত হওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, শ্রমবাজার এবং দক্ষ জনশক্তি প্রেরণ বিষয়ে গঠিত যৌথ কর্মদলের সভা গত বছরের জুলাই মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দনপত্র মন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। জবাবে মন্ত্রী সুবিধাজনক সময়ে ইতালি সফরের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, যৌথ কর্মদলের কার্যক্রম, অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।