চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি, আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৫
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক ও কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে কর্মবিরতি কার্যকর হওয়ায় দেশের প্রধান সমুদ্রবন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
এর আগে ৩১ জানুয়ারি থেকে তিন দিন ধরে শ্রমিকরা ৮ ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন। সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা বা দাবি মেনে নেওয়ার উদ্যোগ না নেওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
শ্রমিকদের প্রধান দাবিগুলো হলো:
- বদলীকৃত কর্মকর্তাদের পুনর্বহাল করা,
- বন্দর চেয়ারম্যান অপসারণ,
- এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে না দেওয়া।
কর্মবিরতির কারণে এনসিটি, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থসহ সব টার্মিনালে কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে বন্দরের সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
বন্দর রক্ষা সংগ্রাম কমিটির সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, ১৫ জন বদলীকৃত কর্মকর্তা-কর্মচারীর পুনর্বহাল এবং বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে কর্মসূচি ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ২৪ ঘণ্টা করা হয়েছে।
বন্দর অভ্যন্তরে কনটেইনারবাহী যান চলাচল বন্ধ থাকায় আমদানি-রপ্তানিকারকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। বিজিএমইএর সহসভাপতি সেলিমুর রহমান বলেন, “পণ্য ওঠানামা বন্ধ থাকায় চার দিন ধরে জাহাজগুলো জেটিতে অপেক্ষা করছে, যা আমদানি ব্যয় বাড়াচ্ছে এবং রপ্তানি শিডিউল ব্যাহত করছে।”
শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে বলে জানান চট্টগ্রাম বন্দর সিবিএ নেতা ইব্রাহিম খোকন। তিনি বলেন, “লাভজনক টার্মিনাল এনসিটিকে কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হবে না।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।