দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৯:২৩
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশুস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার নির্দেশ দিয়ে তিনি মাঠপর্যায়ের কর্মীদের আরও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, আগের সরকার এ সংক্রান্ত টিকা সংগ্রহে উদ্যোগ নেয়নি, তবে বর্তমান সরকার তা শুরু করেছে।
একই সফরে তিনি হাসপাতাল পরিদর্শন করেন এবং পরিচালনা কমিটি, চিকিৎসক ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।
পরে বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করতে সরকার কাজ করছে। তিনি জানান, এদিন ৯১১ জন মায়ের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে চার কোটি মায়ের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ২৩টি উপজেলায় এ কার্যক্রম চালু করার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার সেই প্রবণতা বন্ধ করে দেশের নিজস্ব অর্থে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চায়।
সফরকালে তিনি বাগবাড়ী এলাকায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। তিনি জানান, খালটি পুনরুদ্ধার করে কৃষি উৎপাদন বাড়ানো, মাছ চাষ এবং বন্যা নিয়ন্ত্রণে সহায়ক করা হবে। পাশাপাশি খালের দুই পাশে বৃক্ষরোপণ এবং সবজি চাষের সুযোগ সৃষ্টি হবে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে তিনি বগুড়া শহরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সার্কিট হাউস থেকে হেঁটে কোর্ট চত্বরে গিয়ে বিচার বিভাগীয় সেবা উদ্বোধন করেন এবং আইনজীবী সমিতির নতুন ভবনের নামফলক উন্মোচন করেন। পরে পৌরসভা ভবনে গিয়ে সিটি করপোরেশনের কার্যক্রম উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন।
পথিমধ্যে শাহজাহানপুর এলাকায় সাধারণ মানুষ তার গাড়ি থামিয়ে স্বাগত জানালে তিনি বলেন, তিনি জনগণের সন্তান হিসেবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে এবং ভবিষ্যতে এ উদ্যোগ আরও বাড়ানো হবে।
সকাল থেকেই বাগবাড়ী এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দা, অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি জনসমাগমে মুখর হয়ে ওঠে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং একটি কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলেও জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।