রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৯

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন জানান, সকালে কলেজে এসে তিনি দাপ্তরিক কাজ শুরু করেন। এ সময় একদল বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী হঠাৎ করে ক্যাম্পাসে প্রবেশ করে তাঁর কক্ষে ঢুকে পড়ে।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এমনকি তাকে টেনে-হিঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

এ সময় অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে।

ঘটনার পর রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top