বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

শবে বরাতে মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা, ইমামকে ছুরিকাঘাত

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯

ভুক্তভোগী ইমাম মাও. তানভীর আহসান। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাকুড়িয়াকান্দি এলাকায় মসজিদের ইমাম মাও. তানভীর আহসানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শবে বরাত উপলক্ষে মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে চলা ধর্মীয় আলোচনা শেষ করে বের হওয়ার সময় হামলাকারী তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগী ইমাম বলেন, তিনি আলোচনা চলাকালীন সময়ে আল্লাহর একমাত্র গায়েবজ্ঞানের বিষয় তুলে ধরছিলেন। হঠাৎ এক ব্যক্তি তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং মসজিদ থেকে চলে যায়। পরে ইমাম যখন মোনাজাত শেষে বাইরে আসছিলেন, তখন ওই ব্যক্তি চাদরের নিচে লুকানো ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। ইমামের গাড়ে ছুরি আঘাত ও কানে ঘুষি লাগে। তবে তিনি রক্ষা পান, কারণ তার গলায় রুমাল ও মোটা কলারযুক্ত পাঞ্জাবি ছিল।

স্থানীয়রা হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে এবং পরে থানায় সোপর্দ করেছে। ইমাম তানভীর জানিয়েছেন, তিনি এখন তার জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন এবং থানায় মামলা দায়ের করবেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান নিশ্চিত করেছেন, ইমামকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top