বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২০

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই গোষ্ঠীর আধিপত্য সংঘর্ষে ১৪ বছর বয়সী স্কুলছাত্রী মুস্তাকিম মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালেই উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়।

নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহতদের মধ্যে সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) রয়েছেন। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে হানিফ মাস্টার ও এরশাদ মিয়ার নেতৃত্বাধীন দুটি গোষ্ঠীর মধ্যে আধিপত্য ও দ্বন্দ্ব চলে আসছে। এর আগেও সংঘর্ষে নারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন, পাশাপাশি বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষে ফেরোজ মিয়ার ভাতিজা মাসুম বা ‘চায়না’ নামের এক ব্যক্তি গুলি করলে মুস্তাকিম ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের মা শাহানা বেগম বলেন, “আমরা কোনো দলের সঙ্গে যুক্ত নই। যারা আমার ছেলে খুন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিমকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পরীক্ষায় তার বাম পাশে গুলির চিহ্ন পাওয়া যায়, গুলি শরীর ভেদ করে বের হয়ে যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, “বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top