জনগণের রায়ের ভিত্তিতেই দেশ চলবে: বরিশালের জনসভায় তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৩
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়ের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হবে। তিনি অভিযোগ করে বলেন, দেশের মানুষ একটি রাজনৈতিক দলকে গুপ্ত পরিচয়ে চেনে এবং তারা নতুন করে জালিম রূপে আবির্ভূত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “বাংলাদেশে একটি নতুন জালিম আবির্ভূত হয়েছে, যাদের মানুষ গুপ্ত হিসেবে চেনে।” তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। তার ভাষ্য, “যারা নির্বাচনের আগেই প্রতারণা করে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে?”
বিএনপি চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কী হয়—সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।”
এর আগে দীর্ঘ প্রায় দুই দশক পর বরিশালে পৌঁছান তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালে এসে তিনি সরাসরি ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।