বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিলসহ ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৬

সংগৃহীত

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ৬টি সিলসহ ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সোহেলসহ দুজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুইজনের নামে মামলা করা হয়েছে। আটক সোহেলকে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য প্রস্তুত করা হবে। পরে অন্য আসামির নাম প্রকাশ করা হবে।”

গ্রেফতার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করা হয়।

ঘটনার সময় সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছিলেন। শুক্রবার সিলগুলো নেওয়ার কথা থাকলেও অর্ডার দেওয়া ব্যক্তি তা গ্রহণ করেননি। তিনি ওই ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের বিষয়ও উল্লেখ করেন।

এ ঘটনায় বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি সিলকাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেন, তবে জামায়াতের নেতা রেজাউল করিম এটিকে অস্বীকার করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top