বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

অবৈধভাবে তৈরি ভোটের সিল জব্দ, আটক ব্যবসায়ী ও জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৪

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিল উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কে অবস্থিত মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। অপর আসামি সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সোহেল রানার দোকানে অভিযান চালিয়ে ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। তার দেওয়া তথ্য এবং হোয়াটসঅ্যাপের কথোপকথন ও ভয়েস ম্যাসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফকেও মামলার আসামি করা হয়।

এদিকে সিল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতেই লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সিল কেলেঙ্কারির সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরে আটক সোহেল রানাকে জামায়াতের কর্মী বলে দাবি করেন।

অন্যদিকে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, আটক সোহেল রানা জামায়াতের কেউ নন।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া জানান, ঘটনার পরপরই সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তার ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top