বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না, পরিবর্তনের ডাক ব্যারিস্টার ফুয়াদের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নষ্ট ও পুরোনো ধারার রাজনীতিতে তিনি আর থাকতে চান না। পরিবর্তনের রাজনীতির মাধ্যমেই ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।

পথসভায় তিনি বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে হলে ঈগল প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে। এতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থানের আশঙ্কা রয়েছে।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসনটি অবহেলিত রয়ে গেছে। সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জসহ এই জনপদের মানুষ বৈষম্যের শিকার হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, পুরোনো ও ব্যর্থ রাজনৈতিক ধারাকে আর টেনে নেওয়া যাবে না। ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এবি পার্টির ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্যসচিব জিএম রাব্বি, সাইফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top