বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

মাথায় আঘাতপ্রাপ্ত অটোরিকশাচালক রনির দু’দিনেও জ্ঞান ফেরেনি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৮

সংগৃহীত

খুলনায় এক যাত্রীবেশে হামলার ঘটনায় অটোরিকশাচালক রনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (৪ ফেব্রুয়ারি) তার মাথায় অস্ত্রোপচার করা হলেও তিনি এখনও জ্ঞান ফেরেননি। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর রনি নগরীর খালিশপুর এলাকার গ্যারেজ থেকে নিজের অটোরিকশা বের করেন। সকালের দিকে একজন দুর্বৃত্ত যাত্রী সেজে রনির অটোরিকশায় ওঠে। পরে নির্জন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ওই যাত্রী হাতুড়ি দিয়ে রনির মাথায় একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রনিকে রাস্তায় ফেলে অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রনিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় খুলনা থেকে ঢাকায় আনা হলে দুপুর ২টায় তাকে ভর্তি করা হয়। এরপর বুধবার সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

আহত রনির স্ত্রী মুক্তা জানান, রনি পেশায় অটোরিকশাচালক ও মিস্ত্রি। তিনি সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সম্প্রতি একটি এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছিলেন। “হঠাৎ এমন ঘটনা আমাদের সবকিছু এলোমেলো করে দিয়েছে। স্বামী এখনও কথা বলতে পারছে না, জ্ঞানও ফেরেনি। গাড়িটাও নেই। কীভাবে চিকিৎসার খরচ চালাবো, কীভাবে সংসার চলবে, কিছুই বুঝতে পারছি না,” তিনি বলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত ছিনতাই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top