নির্বাচনী জনসভায়
এলাকার ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন- সেলিমুজ্জামান সেলিম
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২:৩৬
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, এলাকার ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। তিনি বলেন, গোপালগঞ্জে বিএনপি নির্বাচিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন। “যার দল নেই তার বল নেই। স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে। দলীয় সরকারের দায়বদ্ধতার জায়গা থেকেই প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব,”— যোগ করেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে ধানের শীষ প্রতীকে একটি করে ভোট চাই। আপনাদের একটি মূল্যবান ভোটই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর এলাকার মানুষের ভাগ্য। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও আগামীর বাংলাদেশ গড়তে বিএনপিকে জয়যুক্ত করুন।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে হরিদাশপুর স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শিমুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম, সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনসভায় স্থানীয় প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।