শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ফেনী জেলা কারাগারে ৫১ বন্দি ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে

ফেনী প্রতিনিধি: | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫৭

ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলা কারাগারের ৫১ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফেনী কারাগার(২) এবং বৃহস্পতিবার ফেনী কারাগার(১)-এ পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধিত কারাবন্দিরা ভোট দিয়েছেন। দেশের গণতান্ত্রিক ইতিহাসে বন্দিদের নাগরিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ফেনী জেলা কারাগার(১)-এর জেল সুপার আবদুল জলিল জানান, কারাগারে বর্তমানে মোট ৬০৬ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৫২ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আবেদন ও নিবন্ধন করেছেন। নিবন্ধিত এই ভোটারদের মধ্যে বিচারাধীন মামলার আসামি ৩৮ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন এবং নারী বন্দি ৫ জন। তবে ৫ জন জামিনে চলে যাওয়ায় শেষমেষ ৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ফেনী জেলা কারাগার(২)-এর রেল সুপার দিদারুল আলম জানান, তার জেল থেকে মোট ৪ জন বন্দি ভোট দিয়েছেন। ভোটের সার্বিক ব্যবস্থাপনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্ধারিত নির্বাচন কর্মকর্তা, জেলার কর্মকর্তারা ও একজন কারারক্ষী উপস্থিত ছিলেন।

জেল সুপার আরও জানান, “বন্দিদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করতে এবং তাদের ভোটদানে উদ্বুদ্ধ করতে কারাগার থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ প্রদান করা হয়েছে। তারা যেন নির্বিঘ্নে নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে।”

ফেনী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার সংসদীয় আসনগুলোতে এবার দেশ ও প্রবাস থেকে বিপুল সংখ্যক ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। বিশেষ করে ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে দেশের সর্বোচ্চ সংখ্যক পোস্টাল ব্যালট নিবন্ধন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছানো ব্যালটগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top