শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু হুজাইফা মারা গেছে

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬

ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনান মারা গেছে। রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির মামা মাহফুজুর রহমান।

এর আগে গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় আফনান। তখন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও তার অবস্থার উন্নতি হয়নি। অবশেষে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। সেখানে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে।

বিশেষ করে মংডু টাউনশিপ ও আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনীর বিমান হামলা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে সীমান্তের ওপারে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদগুলোতে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top