শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর এলাকায় মাইকিং

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৪৪

সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে রফিকুল ইসলাম (৩০) নামে এক ইজিবাইক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার ইজিবাইক ও সর্বস্ব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে জেলা শহরের চায়না বাঁধ এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কাচারিপাড়া গ্রামের মৃত নূর হোসেন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ইজিবাইক নিয়ে কাজে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রফিকুল। সারারাত বাড়ি না ফেরায় শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করে কামারখন্দ থানায় বিষয়টি জানায় তার পরিবার। এ সময় স্বামীকে খুঁজে পেতে ব্যাকুল হয়ে তার স্ত্রী পাপিয়া খাতুন দেবরকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় মাইকিংও করেন।

উদ্ধার বিষয়ে ভুক্তভোগীর চাচাতো ভাই বেলাল হোসেন জানান, নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। এর আগেও চায়না বাঁধ এলাকায় এ ধরনের অচেতন চালক উদ্ধারের ঘটনা ঘটায় সন্দেহের ভিত্তিতে সেখানে অনুসন্ধান করা হয়। একপর্যায়ে বাঁধের গেটে ঢুকতেই রফিকুল ইসলামকে উদভ্রান্ত অবস্থায় হাঁটতে দেখা যায়। তখন তার সঙ্গে ইজিবাইক, টাকা-পয়সা ও পরনের শার্ট কিছুই ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অচেতন করে এসব মালামাল ছিনতাই করে নেয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, নিখোঁজ ইজিবাইক চালককে অচেতন অবস্থায় চায়না বাঁধ এলাকা থেকে উদ্ধারের খবর পাওয়া গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার জ্ঞান ফিরেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top