রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

শাহাপুরের নির্বাচনী জনসভায় লবি

আগামীতে চিংড়ি রপ্তানীর প্যাকেটে লেখা থাকবে ‘মেইড ইন বাংলাদেশ, প্রডাক্ট অব ডুমুরিয়া’

খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০

ছবি; নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

খুলনা-৫ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগার লবি বলেছেন, বিএনপি সরকার গঠন করলে সবার আগে বিল ডাকাতিয়াসহ সকল বিলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। একই সঙ্গে ডুমুরিয়ার নামেই বাংলাদেশের চিংড়ি রপ্তানি করা হবে। ভবিষ্যতে চিংড়ি রপ্তানির প্যাকেটে লেখা থাকবে- “মেইড ইন বাংলাদেশ, প্রডাক্ট অব ডুমুরিয়া”।

তিনি আরও বলেন, এ অঞ্চলের শাকসবজি ও তরমুজ রপ্তানিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। ডুমুরিয়ার মানুষের কাছ থেকে অল্প সময়ের মধ্যে যে ভালোবাসা তিনি পেয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভালোবাসার প্রতিদান দিতে টেকসই উন্নয়নের মাধ্যমে ডুমুরিয়াকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

শনিবার বিকেলে শাহাপুর বটতলায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, বিএম-এর সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. গাজী আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোল্লা আবুল কাশেম এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও খুলনা-৫ আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট মোল্লা মোশারফ হোসেন মফিজ।

প্রধান বক্তা ছিলেন ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা গাজী তফসির আহমেদ, জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ধামালিয়া ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল ইসলাম, ডা. আলমগীর হোসেন, এফ এম সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশীদ, মোল্লা মশিউর রহমান, অ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন, মাস্টার সেলিম হালদারসহ আরও অনেকে।

জনসভায় হাজার হাজার নারী মিছিল করে অংশগ্রহণ করলে পুরো সমাবেশে আলাদা মাত্রা যোগ হয় এবং উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

এদিকে আলহাজ্ব আলী আজগার লবির ছেলে সাকিব আজগার শনিবার বিকেলে শরাফপুর এলাকায় একাধিক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তার মেয়ে নাহারিন আজগার ফুলতলা এলাকায় একাধিক পথসভায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন।

অন্যদিকে ধানের শীষের প্রার্থী সকাল ১১টায় ডুমুরিয়ার হাজী জয়নাল আবেদীন এতিমখানায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে উলা বাজারে এক পথসভা, সাহস ইউনিয়নের খরশন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা এবং সাহস ইউনিয়নের রাজাপুরে পথসভায় বক্তব্য রাখেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top