রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ডিগ্রিধারী না হয়েও ‘ডা.’ পদবি ব্যবহার, ফেনী-৩ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩

ছবি: সংগৃহীত

ফেনী-৩ আসনে ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ, ডিগ্রিধারী না হয়েও তিনি নির্বাচনী প্রচারণায় নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন।

শোকজ পত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির অভিযোগ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছেন। তবে নির্বাচনী হলফনামায় তিনি এই পদবি উল্লেখ করেননি। এটি সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।

এছাড়া, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে আজ (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মোহাম্মদ ফখরুদ্দিন হোমিওপ্যাথিক চিকিৎসক।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top