জামায়াত নেতার হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১
ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জীবনের নিরাপত্তা চেয়ে দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনে ধানের শীষের পক্ষে এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন তার পক্ষে জিডি দাখিল করেন।
জিডিতে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে জামায়াতের নির্বাচনি সভায় মিন্টুকে উদ্দেশ্য করে দলের নেতা মেজবাহ উদ্দিন সাঈদ হুমকি প্রদান করেন।
তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন? শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেলো! আপনাকে কি রেখে পালাতে হবে তা আমি বলতে চাই না।”
জিডিতে আরও দাবি করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে মেসবাহসহ জামায়াত নেতারা প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছেন। এতে সম্মানহানি ও নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মনে করছেন মিন্টু।
আবদুল আউয়াল মিন্টু বিএনপির মনোনীত ফেনী-৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। তার বাড়ি দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে এবং তিনি আলহাজ শফি উল্লাহ ও বদরের নেছার বড় ছেলে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।