রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: নুরুল হক নুর

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি ও তার সহকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। নুর আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি একটি দলের প্রধান। আমাদের রাজনীতির কারণে জীবন ঝুঁকির মধ্যে। কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের চিংগুরিয়া গ্রামে ইউনিয়ন যুব অধিকার পরিষদের সদস্য নাইমুলের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

নুর অভিযোগ করেন, স্থানীয় নেতা হাসান মামুন তাদের কর্মীদের বাড়িঘরে আগুন লাগাচ্ছে এবং নির্যাতন চালাচ্ছে। তিনি বলেন, “আমার পরিবার, আত্মীয়স্বজন এবং যারা আমার সঙ্গে মাঠে নামছে—তাদের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে শঙ্কিত। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনতিবিলম্বে আহ্বান জানাচ্ছি, হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে। তিনি একের পর এক ফৌজদারি অপরাধে জড়িত।”

নির্বাচনের আগে নিজের ও কর্মীদের নিরাপত্তার গুরুত্ব উল্লেখ করে নুর বলেন, বকুল বাড়িয়া, চর বোরহান ও চর কাজলের ধর্ষণসহ সহিংসতার ঘটনা এবং এদিনের অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই এলাকার মানুষ চরম আতঙ্কে থাকবে। তিনি আরও বলেন, “এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফৌজদারি অপরাধের দায়ে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে গলাচিপায় গণঅধিকার পরিষদের এক কর্মীর বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বসতবাড়ির আসবাবপত্র, একটি মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, মোবাইল ফোন, অটো চার্জারসহ একটি গরুর একাংশ পুড়ে গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top