কক্সবাজারে দেড় হাজার রোহিঙ্গা আটক, যৌথ বাহিনীর অভিযান চলছে
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৯
কক্সবাজারের উখিয়া উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে শরণার্থী ক্যাম্পের বাইরে অবস্থান করা অন্তত দেড় হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে পালংখালী ইউনিয়নের বালুখালী ও আশপাশের এলাকায় এই অভিযান শুরু হয়।
যৌথবাহিনীর এক কর্মকর্তা জানান, ভোররাত থেকেই সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে এবং তা এখনো চলমান রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকেও অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে মাঠপর্যায়ে যৌথবাহিনী সক্রিয় রয়েছে। এর অংশ হিসেবে উখিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্প প্রশাসনের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে বাইরে বসবাসকারী বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আটক করা হয়। তারা পরিবারসহ অবৈধভাবে ওইসব এলাকায় অবস্থান করছিল।
যৌথবাহিনী জানিয়েছে, অভিযানের কার্যক্রম এখনো চলমান। এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকার বার্মা কলোনি ও আশপাশে একাধিক অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। পরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।