চাঁদপুর-৫ আসনে নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২
পোস্টাল ব্যালেটে নিজের নাম ও প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়া।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাকির হোসেন প্রধানীয়া জানান, প্রাথমিকভাবে তার মনোনয়ন বাতিল করা হলেও প্রতীক বরাদ্দের তিন দিন পর তিনি প্রার্থিতা ফিরে পান। এ অবস্থায় তিনি গত ২ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন স্থগিতের দাবিতে লিখিত আবেদন করেন।
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, হাইকোর্টের আপিল নং–৫০০/২০২৬-এর রায়ের মাধ্যমে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পান। পরবর্তীতে ২৩ জানুয়ারি তাকে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তবে এর আগেই, ২১ জানুয়ারি থেকে বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটগ্রহণ শুরু হয়ে যায়।
আবেদনে আরও বলা হয়, চাঁদপুর-৫ আসনে প্রবাসী পোস্টাল ভোটারের সংখ্যা ১১ হাজার ৮১২ জন। প্রার্থিতা ও প্রতীক চূড়ান্ত হওয়ার আগেই এসব ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচনের স্বচ্ছতা ও সমতার প্রশ্ন তৈরি হয়েছে। তাই পোস্টাল ব্যালেটে তার নাম ও প্রতীক অন্তর্ভুক্ত না করা হলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটগ্রহণ স্থগিত রাখার দাবি জানান তিনি।
এ বিষয়ে করা আবেদনের অনুলিপি জেলা রিটার্নিং অফিসার, সহকারী জেলা রিটার্নিং অফিসার এবং হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার রিটার্নিং অফিসারদের কাছেও পাঠানো হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।