সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

মায়ের পরকীয়া প্রেমের বলি ৩ বছরের কন্যা শিশু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৭

সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় পরকীয়ার জেরে নিজের তিন বছরের কন্যা সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে সেতু বেগম (২৫) নামে এক নারীর বিরুদ্ধে।

পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় সেতু বেগম তার প্রেমিকের সহায়তায় তার কন্যা ফারিয়া (৩) এর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। শিশুটির মরদেহ পরে বাড়ির ট্রাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়। ঘটনার প্রায় ২০ দিন পর শনিবার (৭ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদর থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত ফারিয়া গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলারমাঠ গ্রামের প্রবাসী রুবেল শেখের মেয়ে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিকটিমের নানির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ট্রাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।”

স্থানীয়রা জানিয়েছেন, সেতু বেগমের সঙ্গে প্রায় ছয় মাস আগে টিকটকের মাধ্যমে ফরিদপুরের সদরপুর থানার বাড়ৈইহাট গ্রামের মিরাজ মোল্লা পরিচিত হন। পরবর্তীতে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, এই সম্পর্কের জের ধরে সেতু বেগম তার সন্তানকে হত্যা করেন।

ঘটনার পর সেতু বেগম প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। তবে ২০ দিন পর প্রেমিক তাকে রেখে চলে গেলে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। পরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসার পর হত্যার কথা স্বীকার করেন। পুলিশ তাকে আটক করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেশীরা বলেন, “সন্তান যদি মায়ের কাছেই নিরাপদ নয়, তাহলে তার নিরাপদ স্থান কোথায়? এর উপযুক্ত বিচার হওয়া উচিত।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top