সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বাউফলে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই

পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৭

বাউফলে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই।   ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপির ওই নির্বাচনী কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনের বিকট শব্দে পাশের বাড়ির লোকজন ঘুম থেকে জেগে ওঠেন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।

১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হাওলাদার জানান, বিএনপির কার্যালয়ের পাশেই সোহাগ কাজীর বাড়ি। তিনি প্রথমে বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুন দেখতে পান। পরে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে তিনি নিজেও ঘটনাস্থলে এসে দেখেন কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে।

এ বিষয়ে সূর্যমণি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হাওলাদার অভিযোগ করে বলেন,
“এই অগ্নিসংযোগের ঘটনা জামায়াত-শিবিরের কর্মীরা ঘটিয়েছে। এই ইউনিয়নে তাদের ভোট না থাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এ ধরনের কাজ করা হয়েছে।”
তিনি সূর্যমণি ইউনিয়নের ভোটারদের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন,
“খবর পাওয়ার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অগ্নিসংযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top