দুলুর ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন
তিস্তাপাড়ের হাহাকার বইয়ের পাতায়
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৯
তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের হাহাকার, নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের কান্না এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের ইতিহাস এবার স্থান পেল বইয়ের পাতায়।
তিস্তা বাঁচাই আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু তিস্তাপাড়ের মানুষের জীবনচিত্র তুলে ধরে রচনা করেছেন ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক গ্রন্থ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলার মিশন মোড় এলাকার হামারবাড়ি মিলনায়তনে এ উপলক্ষে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা হাবিব। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গ্রন্থের রচয়িতা আসাদুল হাবিব দুলু বলেন,
“তিস্তাপাড়ের মানুষের বঞ্চনা, হাহাকার ও অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। এটি আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল।”
তিনি বলেন, শৈশবে যে প্রমত্তা তিস্তা নদী তিনি দেখেছেন, সময়ের ব্যবধানে সেই নদী আজ তার বিধ্বংসী রূপে তিস্তাপাড়ের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। একসময় গোয়ালভরা গরু ও পুকুরভরা মাছের যে জনপদ ছিল, সেখানে এখন কেবল অভাব আর হাহাকার।
দুলু আরও জানান, একজন রাজনৈতিক কর্মী হিসেবে উত্তরবঙ্গের পাঁচ জেলার প্রায় দুই কোটি মানুষকে সংগঠিত করে তিস্তা রক্ষা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। সেই আন্দোলনের আবেগ, স্মৃতি এবং প্রতিটি ধাপ এই বইয়ে নথিবদ্ধ করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তিস্তাপাড়ের মানুষের বঞ্চনার ইতিহাস জানতে পারে।
তিনি বলেন, তিস্তাপাড়ের মানুষের দুঃখ লাঘবে গড়ে ওঠা এই আন্দোলন বর্তমানে দেশ-বিদেশে সমাদৃত হচ্ছে।
মতবিনিময় শেষে আসাদুল হাবিব দুলু উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের হাতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ গ্রন্থটি উপহার হিসেবে তুলে দেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।