লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, তিনজন আহত; সড়ক অবরোধ
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫০
লালমনিরহাট-১ আসনের (হাতীবান্ধা–পাটগ্রাম) স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শিহাব আহম্মেদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থী শিহাব আহম্মেদসহ মোট তিনজন আহত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার মধ্যবর্তী ফকিরটারি ইউনিয়নের জোড়া পুকুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা ঢাকা–বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটগ্রাম উপজেলায় গণসংযোগ শেষ করে রাতে হাতীবান্ধার দিকে যাওয়ার পথে জোড়া পুকুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত শিহাব আহম্মেদ ও তার গাড়ি বহরের পেছনে হামলা চালায়। এতে শিহাব আহম্মেদ ও তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হন।
হামলার বিষয়ে শিহাব আহম্মেদ বলেন, কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তিনি অভিযোগ করে বলেন, এর আগেও হামলার আশঙ্কার কথা একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
খবর পেয়ে আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে গিয়ে আহতদের খোঁজখবর নেন লালমনিরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। পরে বিএনপির নেতাকর্মীরাও হাসপাতালে গিয়ে শিহাব আহম্মেদের খোঁজ নেন।
হাতীবান্ধা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ তুলে নেয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী পরিবেশে এমন সহিংস ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।