ভোটকেন্দ্র থেকে ৪০০ গজ মেপে মফস্বল সাংবাদিকদের অভিনব প্রতিবাদ
ফরিদপুর প্রতিনিধি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে মফস্বল সাংবাদিকরা অভিনব প্রতিবাদ চালিয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার একটি ভোটকেন্দ্রের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকরা ফিতা হাতে নিয়ে ভোটকেন্দ্রের চারপাশে ৪০০ গজ এলাকা মাপেন। তারা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করলে মাঠপর্যায়ের দায়িত্ব পালনে কঠিন বাধা সৃষ্টি হবে।
সাংবাদিক তানভীর তুহিন বলেন, “মফস্বল এলাকার সাংবাদিকরা সংবাদ সংগ্রহ, ছবি তোলা, ভিডিও ধারণ, তথ্য যাচাই, লাইভ আপডেট দেওয়া এবং দ্রুত অফিসে সংবাদ পাঠানোর জন্য মোবাইল ফোনের ওপর পুরোপুরি নির্ভরশীল। মোবাইল ছাড়া সাংবাদিকতা কল্পনাই করা যায় না। এমন নিষেধাজ্ঞা মাঠপর্যায়ের সাংবাদিকদের জন্য চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।”
অপর সাংবাদিক রাকিবুল ইসলাম বলেন, “বর্তমান বাস্তবতায় মোবাইল ফোনই মফস্বল সাংবাদিকদের প্রধান কর্মযন্ত্র। মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করলে সাংবাদিকদের একটি বড় অংশ পেশাগতভাবে কার্যত অচল হয়ে পড়বে। এতে শুধু সাংবাদিকরাই নয়, পুরো গণমাধ্যম ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।”
সাংবাদিকরা জানান, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার পরিপন্থি। তারা অবিলম্বে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।