সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বিকাশে বেতন উত্তোলনে ভোগান্তি, ভালুকায় মহাসড়ক অবরোধ

সাখাওয়াত হোসেন সুমন | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১১

বিকাশে বেতন উত্তোলনে ভোগান্তি, ভালুকায় মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বেতন উত্তোলন সংক্রান্ত জটিলতার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ২০ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার সিডস্টের বাজার এলাকায় অবস্থিত হামিদ টেক্সটাইল লিমিটেড এর প্রায় ২০০-২৫০ জন শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির শ্রমিকদের মাসিক বেতন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিকাশ থেকে একবারে এক হাজার টাকার বেশি উত্তোলনে সাময়িক সীমা আরোপ করা হয়েছে। এর ফলে বেতন জমা থাকলেও পুরো টাকা একসঙ্গে উত্তোলন করতে না পারায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এই পরিস্থিতির প্রতিবাদে শ্রমিকরা সড়কে নেমে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রায় ২৫ মিনিট পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top