দেশি-বিদেশি নজর পটুয়াখালী-৩ আসনের দিকে, নুরুল হক নুরের বার্তা
ইশরাত লিটন | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১৩
পটুয়াখালী-৩ আসনের বিএনপির জোটের প্রার্থী, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর (ট্রাক প্রতীক) বলেছেন, দেশের নির্বাচন ও এই আসনের প্রতি দেশি-বিদেশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে। তিনি সতর্ক করেছেন যে, একটি দুষ্টচক্র ভোটকেন্দ্র দখল করে নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করতে চাইছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, “এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে বাংলাদেশের ভবিষ্যৎ সংকটে পড়বে। ভোটাররা সচেতন থাকবেন এবং প্রশাসন যেকোনো অভিযোগের দ্রুত ব্যবস্থা নেবে।”
নুরুল হক নুর আরও বলেন, “আমি জনগণের চাকরির দাবি, কৃষকের অধিকার, শ্রমিকদের মজুরি, শিক্ষকদের মানসম্মান ও স্থানীয় কর্মকর্তাদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছি। এই জনপদের মানুষের উন্নয়নের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং তারেক রহমান আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন।”
তিনি স্মরণ করান, দশমিনা উপজেলার উন্নয়নে মরহুম আবদুল বাতেন তালুকদারের অবদান গুরুত্বপূর্ণ। নুর বলেন, “আপনারা ১৯৯১ সালে ভুলভাবে ভোট দিয়েছেন, সেই খেসারত আজ পর্যন্ত ভুগেছেন। এবার এমন ভুল করবেন না। আমি নির্বাচিত হয়ে দশমিনা ও গলাচিপার উন্নয়নের জন্য কাজ করব।”
নুরুল হক নুর ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সকালের দিকে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি নিয়ে ভোট কেন্দ্রে যান। ভোট শেষে বিজয়ের আনন্দ উদযাপন করুন। আমি নির্বাচিত হলে আপনাদের সঙ্গে গরু-খাসির ভূরিভোজের মাধ্যমে বিজয় উৎসব পালন করব।”
সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ খান, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু সিকদারসহ বিএনপি ও গণ অধিকার পরিষদের অন্যান্য নেতা-কর্মীরাও বক্তব্য রাখেন।
বক্তারা ‘ট্রাক’ মার্কার পক্ষে ব্যাপক জনসমর্থনের আশাবাদ প্রকাশ করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।