ডুমুরিয়া–ফুলতলায় ধানের শীষের জনসভা
দুর্নীতি–সন্ত্রাসমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই”—লবি
কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২০:৪৮
খুলনা–৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগর লবি বলেছেন, “আগামীর বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এবং সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কৃষক–শ্রমিক ও মেহনতি মানুষের জন্য নতুন বার্তা দিচ্ছেন এবং দলের নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে বলেছেন—দলের ভেতরে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর স্থান হবে না।
গতকাল সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লবি বলেন, নির্বাচিত হলে উপজেলার জলাবদ্ধতা নিরসন, মৎস্য ও কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক–ধর্মীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। “উন্নত ডুমুরিয়া গড়তে জীবনের সর্বোচ্চ দিয়ে কাজ করতে চাই,”—যোগ করেন তিনি।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম এবং খুলনা–৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ।
সভায় আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, উপজেলা বিএনপির সিনিয়র নেতারা, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারাও ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।