আওয়ামী লীগ এদেশে কখনো নির্বাচন করতে পারবে না : আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮
পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগ এদেশে কখনো নির্বাচন করতে পারবে না।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো সমস্যা নেই। সমস্যা আমাদের মোদি সরকারের সঙ্গে। যারা লুটপাট, অন্যায়, অত্যাচার ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, ৫ আগস্টের পর তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। মোদি সরকার কলকাতায় তাদের অফিস পর্যন্ত করে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সবাই খারাপ নয়। সাধারণ কর্মীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে বসবাস করবেন। তবে যারা হত্যা, লুটপাট, অন্যায় ও অবিচারের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।”
জুলাই যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের কারণেই আজ আমরা মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি এবং একটি সুন্দর ও অবাধ নির্বাচনের সুযোগ পেয়েছি।”
জনসভায় তিনি বলেন, “বিভিন্ন জরিপে বিএনপি অনেক এগিয়ে থাকলেও আমাদের নেতা তারেক রহমান বলেছেন—এই নির্বাচন সহজ হবে না। নানা ষড়যন্ত্র চলছে। একটি দল ৪ কোটি মাস্ক ও ২ কোটি বোরকা কিনেছে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে। কেউ যেন মাস্ক পরে নারী ভোটকেন্দ্রে জাল ভোট দিতে না পারে, সে বিষয়ে আমাদের বোনদের সজাগ থাকতে হবে।”
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা ফজরের নামাজের পর ভাগ ভাগ করে ভোটকেন্দ্রে যাবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ছেড়ে যাবেন না।”
জনসভায় মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়ার সভাপতিত্বে এবং নির্বাচনী সমন্বয়ক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরের সঞ্চালনায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভা শেষে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিণ করে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।