রাজশাহীতে ভটভটি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের
রাজশাহী প্রতিনিধি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৭
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভটভটি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া–তাহেরপুর আঞ্চলিক সড়কে মুরগিবোঝাই ভটভটির সঙ্গে একটি ড্রাম ট্রাকের এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম শেখপাড়া এলাকার মিলনের ছেলে নাইম (২০) এবং একই এলাকার মিনারুলের ছেলে হালিম (২৫)। নাইম পেশায় মুরগি ব্যবসায়ী ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক মিন্টু ও তাঁর সহকারী স্বাধীন আলী।
পুলিশ জানায়, তাহেরপুর দিক থেকে একটি মুরগিবোঝাই ভটভটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে পুঠিয়া থেকে তাহেরপুরের উদ্দেশে যাচ্ছিল ড্রাম ট্রাকটি। গন্ডগোহালী নিমতলা এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি ও ট্রাকের চার আরোহী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইম ও হালিমকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি থানায় নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।