গভীর রাতে পুড়িয়ে দেওয়া হলো নুরুল হক নুরের নির্বাচনী কার্যালয়
পটুয়াখালী প্রতিনিধি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৭
পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
দশমিনা উপজেলার আলিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই নির্বাচনী অফিসে গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। এতে অফিসের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এই হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুন লাগানোর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেন।
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, “গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দেয়। তবে এ ঘটনায় অন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।