বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

মেহেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৭

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোটকেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঈদগাহ মাঠে একটি গ্রিলের সঙ্গে ঝোলানো লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান তারা। ব্যাগটির ভেতরে তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো সন্দেহজনক বস্তু থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে। পরে সেটিকে বালতির পানিতে ডুবিয়ে নিরাপদে থানায় নিয়ে যাওয়া হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top